দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি দুই লাখ ২২ হাজার

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশের বাজারে সোনার দাম নতুন করে বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের সোনায় ভরিপ্রতি দাম প্রায় ৪ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, ফলে ২২ ক্যারেট সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো দুই লাখ ২২ হাজার টাকা ছাড়িয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দর আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪০০ ডলারের বেশি।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকায় বিক্রি হবে। একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে।
এখন ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন রুপার ভরি ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










