হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হবে এবং পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা অনুযায়ী এই মামলার বিচার নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ করা হবে।
এর আগে হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ের গোয়েন্দা সহায়তা নেওয়ার কথাও উল্লেখ করে।
সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ জানায়, বিচার প্রক্রিয়ায় বিলম্ব হলে তা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










