প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদন
জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার (২২ ডিসেম্বর) সকাল পর্যন্ত মোট নয়জনকে আটক করেছে।
গ্রেফতারদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন— কাশেম ফারুক, সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, সোহেল রানা ও শফিকুল ইসলাম। বাকি দুইজনকে কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আটক করেছে, যাদের পরিচয় যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, এসব হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সঙ্গেও তিনজনের সম্পৃক্ততা ভিডিওতে ধরা পড়েছে।
তদন্তে উঠে এসেছে, গ্রেফতার রাকিব হোসেন ভাঙচুর ও অগ্নিসংযোগে সরাসরি অংশ নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেন। মো. নাইমকে কুমিল্লা থেকে লুট করা অর্থসহ আটক করা হয়; জিজ্ঞাসাবাদে তিনি দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুটের কথা স্বীকার করেছেন এবং কেনা টিভি ও ফ্রিজ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সোহেল রানা ও শফিকুল ইসলামের বিরুদ্ধে আগের একাধিক ফৌজদারি মামলার তথ্যও মিলেছে।
আটক অন্যদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং শনাক্ত বাকি সন্দেহভাজনদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










