২৭শে ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বিকেল ৩টার দিকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে বৈঠকে বসে। আলোচনায় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও কমিশনের সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকরিয়া।
বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে এখনো ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










