যাত্রা শুরু করলো ভোটের গাড়ি 'সুপার ক্যারাভান'

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদে গণভোট নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশে প্রচারণা শুরু করেছে ‘সুপার ক্যারাভান’ নামে দশটি ভোটের গাড়ি।
সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গাড়িগুলোর যাত্রা শুরু করান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, দেশ এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট এই দুই বিষয়ে জনগণকে জানাতে এবং ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে ১০টি সুপার ক্যারাভান দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরবে।
তিনি বলেন, ভোট দেওয়া কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই ক্যারাভান মানুষের কাছে গিয়ে ভোটের গুরুত্ব ও গণতন্ত্রের বার্তা পৌঁছে দেবে।
তরুণ, নারী ও প্রথমবারের ভোটারদের বিশেষভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয়। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ভয় ও বাধাহীন পরিবেশে ভোট আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ আলোচনা ও সমঝোতার মাধ্যমে তৈরি এই সনদ জনগণের সমর্থন পেলে দেশের ভবিষ্যৎ আরও স্থিতিশীল হবে। যারা সনদের পক্ষে, তাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শেষে তিনি সবাইকে ভোট দিয়ে গণতান্ত্রিক এই যাত্রাকে সফল করার আহ্বান জানান নিজের জন্য, দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










