আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক

নিজস্ব প্রতিবেদন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রোববার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও আসামি গ্রেপ্তারের অগ্রগতিও তুলে ধরা হয়। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকে শনাক্ত করার তথ্যও বৈঠকে জানানো হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন এবং বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










