ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামির অবস্থান এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, হত্যাকারী কোথায় আছে জানা গেলে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই তাকে গ্রেফতার করত।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং প্রধান সন্দেহভাজন ফয়সালকে ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। এ ঘটনায় ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও মোটরসাইকেল চালকসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় জড়িত দালাল চক্রের সদস্যদেরও গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে এখন পর্যন্ত প্রায় সাত হাজার সন্ত্রাসী ও অপরাধী আটক হয়েছে এবং এই অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের জন্য গানম্যান নিয়োজিত করা হয়েছে এবং তাদের বাসভবনেও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যাদের ঝুঁকি রয়েছে, তাদের অনেককেই ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হচ্ছে। তারেক রহমান দেশে ফিরলে তাকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি।

পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের প্রশ্নের কোনো ভিত্তি নেই; তিনি দায়িত্বে বহাল আছেন।