নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটির সব ধরনের সেবা স্থগিত থাকবে।

আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব আবেদনকারীর ভিসার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, এর আগেও নিরাপত্তা বিবেচনায় গত ১৭ ডিসেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যা পরদিন থেকেই আবার স্বাভাবিকভাবে চালু হয়।