হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান ঢাকার

নিজস্ব প্রতিবেদন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের দেওয়া প্রেসনোট বাংলাদেশ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি আর গ্রহণযোগ্য হবে না।
রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক এলাকার গভীর অংশে অবস্থিত। সেখানে একটি চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা অনায়াসে পৌঁছে যাওয়া প্রমাণ করে যে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়নি। তিনি জানান, ওই ব্যক্তিরা শুধু প্রতিবাদ নয়, আরও উসকানিমূলক বক্তব্যও দিয়েছে। হাইকমিশনারকে হত্যার হুমকির বিষয়ে সরাসরি প্রমাণ না থাকলেও এমন কথা শোনা গেছে বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে সংখ্যালঘু নিরাপত্তার অজুহাতে ব্যবহার করার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এ ধরনের অপরাধ শুধু বাংলাদেশেই নয়, এই অঞ্চলের অন্যান্য দেশেও ঘটে থাকে।
বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে হাইকমিশনে পরিবার বসবাস করে এবং এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়—এ কারণে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা ভারতেরই দায়িত্ব বলে তিনি মত দেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










