ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার

নিজস্ব প্রতিবেদন
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
জেলা আনসার ক্যাম্প সূত্রে জানা যায়, শহর বাইপাস এলাকায় ফায়ারিং প্রশিক্ষণ শেষে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসে করে প্রায় ৩৫ জন আনসার সদস্য সদর উপজেলার সুহিলপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন উড়াল সেতুর একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত ১২ জনের মধ্যে হৃদয় নামের এক আনসার সদস্যের অবস্থা আশঙ্কাজনক; তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে আছেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










