ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে ‘ওসমান হাদি হল’

নিজস্ব প্রতিবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নাম পরিবর্তন করে নতুন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতের দিকে হলের সামনে ক্রেন এনে আগের নামফলক অপসারণ করা হয় এবং রাত সাড়ে ৯টার পর নতুন নাম স্থাপন করা হয়।
এর আগে একই দিন সন্ধ্যায় একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। দাবির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম ‘ফেলানী হল’ রাখা এবং জুলাই গণহত্যার পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, হলের দেয়ালে থাকা বঙ্গবন্ধুর চিত্র মুছে সেখানে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










