২৪ ঘণ্টায় হাদি হত্যার অগ্রগতি না জানালে আবারও শাহবাগ অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি জানাতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি প্রকাশ না হলে রোববার বিকেল সোয়া পাঁচটায় পুনরায় শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শনিবার বিকেলে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এই কর্মসূচির কথা জানান।
এর আগে একই দিন কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন হাদির বড় ভাই। পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়।
জানাজার আগে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদি আমাদের মাথা নত না করার শক্তি ও সাহসের শিক্ষা দিয়ে গেছেন, যা জাতির স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।
অন্যদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার দাবি জানান।
প্রসঙ্গত, শনিবার সকালে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল সম্পন্ন করা হয়। ভোর থেকেই হাসপাতাল ও সংসদ ভবন এলাকায় তাকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ জড়ো হন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি মারা যান। তার মৃত্যুতে শনিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।











