বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শনিবার (২০ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, সকাল ৮টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ধারিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে আবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন জুবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকতে এবং তার চিকিৎসা কার্যক্রম তদারক করতে তিনি সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করেন। জুবাইদা রহমান নিজেও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, বর্তমানে তার অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে পাড়ি জমান জুবাইদা রহমান। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন তিনি।