ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহটি সেখানে পৌঁছানো হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ভিড় করেন সাধারণ মানুষ।

ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ গোসল করানো হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে দুপুর ২টায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হাদির মৃত্যুতে শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই শোক দিবসের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।