হাদির জানাজায় অংশ নিতে লন্ডন থেকে ঢাকায় জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশে পৌঁছেই তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে গিয়ে হাদির মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।
শনিবার (২০ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হিমঘরে প্রবেশ করে মরদেহ দেখছেন ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইনসহ শীর্ষ নেতারা।
পরবর্তীতে এক ফেসবুক পোস্টে জামায়াত আমির জানান, জানাজায় অংশ নিতে তিনি সকালেই ঢাকায় পৌঁছে সরাসরি হিমঘরে যান। তিনি বলেন, শোকাহত পরিবারের সঙ্গে কথা হলেও এমন মুহূর্তে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাওয়া কঠিন। তিনি শহীদ হাদিকে কোনো দল বা মতের নয়, বরং দেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে দল-মতের ঊর্ধ্বে উঠে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান।
এদিকে ময়নাতদন্তের জন্য শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তায় মরদেহটি সেখানে পৌঁছানো হয়। স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










