মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল, কানায় কানায় পূর্ণ

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের শহিদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জাতীয় সংসদ ভবনের আশপাশের এলাকা মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন মিছিল ও শোকযাত্রা নিয়ে ছাত্র-জনতা জানাজার স্থলে পৌঁছাতে থাকে। ‘হাদির রক্ত বৃথা যাবে না’, ‘আমরা সবাই হাদি’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জানাজাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রতিটি প্রবেশপথে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে এক হাজার বডি ওর্ন ক্যামেরা।
ময়নাতদন্ত শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাদির মরদেহ দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসল ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। দুপুর দুইটায় জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। অস্ত্রোপচার ও প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










