ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া

নিজস্ব প্রতিবেদন
ঢাকা-কক্সবাজারসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেনযাত্রার খরচ বেড়েছে। বাংলাদেশ রেলওয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২০ ডিসেম্বর) থেকে সংশোধিত ভাড়া কার্যকর হয়েছে।
এবার সরাসরি টিকিটের মূল মূল্য না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ নামে অতিরিক্ত মাশুল যুক্ত করা হয়েছে। এর ফলে আসন ও রুটভেদে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত। রেলওয়ের ব্যাখ্যায়, বড় সেতু ও স্থাপনার রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে সেতুর দৈর্ঘ্যকে বাড়তি পথ হিসেবে গণনা করে এই চার্জ আরোপ করা হয়, যার ফলে কাগজে-কলমে রুটের দূরত্ব বেড়ে যায় এবং ভাড়াও বৃদ্ধি পায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজার, ঢাকা–সিলেট, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–জামালপুর ও ঢাকা–দেওয়ানগঞ্জ এই ছয়টি রুটের মোট ১১টি সেতুতে পন্টেজ চার্জ কার্যকর করা হয়েছে। রেলের আয় বাড়ানো ও ব্যয় সামাল দিতে চলতি বছরের মে মাসে নেওয়া একাধিক সিদ্ধান্তের অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে জনপ্রিয় ট্রেনগুলোতে। ঢাকা–চট্টগ্রাম রুটে সুবর্ণ এক্সপ্রেসের স্নিগ্ধা শ্রেণির ভাড়া এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ টাকায়। ঢাকা–কক্সবাজার রুটে স্নিগ্ধা আসনের ভাড়া বেড়ে হয়েছে ১ হাজার ৪৪৯ টাকা এবং এসি বার্থের ভাড়া উঠেছে ২ হাজার ৬৫৬ টাকায়।
গত এক দশকের বেশি সময়ে বিভিন্ন সময়ে ট্রেনের ভাড়া সরাসরি বা পরোক্ষভাবে একাধিকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ এই বাড়তি মাশুল আরোপে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, স্বল্প আয়ের মানুষের প্রধান ভরসা রেলপথে এভাবে ধারাবাহিক ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং বিকল্পভাবে ব্যবস্থাপনার উন্নয়ন ও অনিয়ম কমিয়েই রাজস্ব বাড়ানো সম্ভব।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










