ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, হবে সামরিক মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদন
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বর হামলায় নিহত শান্তিরক্ষীদের মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হয়। বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন। এ সময় সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সামরিক স্যালুট প্রদান করা হয়।
আইএসপিআর আরও জানায়, রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারে করে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ওই হামলায় ছয় শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আরও নয়জন আহত হন। আহতদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা সবাই শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










