বিদেশে হাদির চিকিৎসার সকল খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসা ব্যয়ের পুরোটা রাষ্ট্র বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে স্বস্তিদায়ক এবং সামনে আরও স্থিতিশীল হবে বলে আশা করা যাচ্ছে। ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে যত ব্যয় প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দেও কোনো ঘাটতি থাকবে না।
এর আগে রোববার সরকারিভাবে জানানো হয়, শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।











