বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। চিকিৎসকদের মতে, বর্তমানে তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতাও তৈরি হয়নি।

মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক রোববার রাতে জানান, খালেদা জিয়ার বর্তমান অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। বড় ধরনের উন্নতি বা অবনতি—কোনোটিই হয়নি। তিনি আরও জানান, চিকিৎসার অংশ হিসেবে কিছু অতিরিক্ত পরীক্ষা নির্ধারণ করা হয়েছে এবং সেসব রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হবে। আপাতত তিনি সিসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন।

বোর্ডের অপর এক সদস্য বলেন, কিছু ক্ষেত্রে সামান্য উন্নতির আভাস মিললেও তা উল্লেখযোগ্য নয়। তার শারীরিক অবস্থা এখনও দীর্ঘ ভ্রমণের জন্য উপযোগী হয়নি। ফলে এই মুহূর্তে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেই এবং দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছেন।