গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম জি-১০০ সিরিজের একটি প্রাইভেট জেট সোমবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরেই হাদিকে নিয়ে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, গত দুই দিন ধরে সিঙ্গাপুরসহ থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা ব্যবস্থার বিষয়টি চূড়ান্ত করা হয়।

রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়। পরে সংশ্লিষ্ট উপদেষ্টা, স্বাস্থ্য বিশেষ সহকারী, চিকিৎসক দল ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, শুরুতে পরিবার ও সংগঠনের সদস্যরা ধার করে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেন। তবে পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। গত শুক্রবার বিজয়নগরে গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়, যা তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।