সাবেক বিচারপতির মৃত্যু, আজ অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন
সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে আধাবেলা বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে এদিন চেম্বার আদালতের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে আদালত সূত্র।
রোববার রাত পৌনে ১১টার দিকে ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সুপ্রিম কোর্ট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছর দায়িত্ব পালনের পর পুনরায় আইন পেশায় ফিরে আসেন তিনি। আইন অঙ্গনে তার দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৯-২০১০ মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










