চানখারপুলে ৬ হত্যা হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর চানখারপুলে জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা মামলায় আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশন তাদের যুক্তি তুলে ধরবে।
এই মামলায় ২৩ কার্যদিবসে মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে শহীদদের স্বজন, ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তাসহ জুলাই আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদও রয়েছেন। অপরদিকে আসামিপক্ষের পক্ষে সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেনসহ তিনজন সাফাই সাক্ষ্য দেন। আট আসামির মধ্যে বর্তমানে চারজন কারাগারে আছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাসসহ ছয়জন নিহত হন। চলতি বছরের ১৪ জুলাই আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
এদিকে কুষ্টিয়ায় ছয়জন হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ এবং জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধেও আজ সাক্ষ্যগ্রহণ অব্যাহত থাকবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










