শেখ হাসিনা ও কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

নিজস্ব প্রতিবেদন
চব্বিশের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার একটি অভিযোগে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন।
সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দাখিল করা হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলার অন্য একটি অভিযোগে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিলেও আলোচিত অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছিলেন।
আপিল দাখিলের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার মাত্রা বিবেচনায় আমৃত্যু কারাদণ্ড কোনোভাবেই যথেষ্ট নয়। এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই প্রযোজ্য হওয়া উচিত।
তিনি জানান, গত ১৭ নভেম্বর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার প্রথম রায় ঘোষণা করে। সেখানে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমৃত্যু দণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার দাবিতে আপিলে আটটি পৃথক যুক্তি (গ্রাউন্ড) উপস্থাপন করা হয়েছে।
প্রসিকিউটর আরও বলেন, আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই আপিলটি দাখিল করা হয়েছে। বিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির সম্ভাবনাও রয়েছে।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, অভিযুক্তদের নির্দেশ বা উসকানিতে আন্দোলন চলাকালে এক হাজার চারশোর বেশি মানুষ নিহত এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হন। এই ভয়াবহতার প্রেক্ষাপটে আমৃত্যু কারাদণ্ডকে অপর্যাপ্ত উল্লেখ করে মৃত্যুদণ্ডের দাবি পুনর্ব্যক্ত করে প্রসিকিউশন।











