নিরপেক্ষতার নামে উদাসীন না থেকে মানবিকতা ও বিবেকের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাজস্থলীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার। তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্যনিষ্ঠা ও দায়িত্ববোধ—যা সমাজ ও জাতির দর্পণ হিসেবে কাজ করে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ইউএনওর কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, গুজব পরিহার করে তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের কলম উপজেলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান বলেন, রাজস্থলীর সাংবাদিকরা উন্নয়নমুখী ও দায়িত্বশীল। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা উন্নয়নকে আরও গতিশীল করবে। তিনি আরও বলেন, বিবেকই সাংবাদিকতার মূল শক্তি—ত্রুটি তুলে ধরা যেন সম্পর্কের টানাপোড়েন নয়, বরং উন্নয়নের সহায়ক হয়।

সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউএনও সেলিনা আক্তার ’২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সত্য বলার সাহসই সমাজকে এগিয়ে নেয়। বর্তমান সময়ে জাতি সাংবাদিকদের দিকেই তাকিয়ে রয়েছে।


রাজস্থলী প্রতিনিধি | চাইথোয়াইমং মারমা