ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদন
ভারতে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৪ ডিসেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেশের নিরাপত্তা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলছে এ নিয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা নিয়মিতভাবে তার সমর্থকদের সহিংস কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এ প্রেক্ষাপটে আদালতের রায়ের মুখোমুখি করতে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়।
এ ছাড়া রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতাও চাওয়া হয়েছে। বৈঠকে ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










