হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী; হাসপাতালে উত্তেজনা ছিল পরিকল্পিত: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদন
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কড়া বক্তব্য দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি হাদিকে নিজের সন্তানের সঙ্গে তুলনা করে বলেন, হাদি তার প্রতিদ্বন্দ্বী নন, বরং একজন রাজনৈতিক প্রতিযোগী এবং সাহসী রাজপথের যোদ্ধা।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে এবং এটি শুধু একজন ব্যক্তির ওপর নয়, গণতন্ত্রের ওপরও আঘাত। তিনি আশা প্রকাশ করেন, সুস্থ হয়ে হাদি আবার রাজনীতির মাঠে ফিরবেন।
হাসপাতালে হাদি দেখতে যাওয়ার সময় সৃষ্ট বিশৃঙ্খলাকে পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করে চিকিৎসা ব্যাহত করার চেষ্টা করেছে। তার ভাষায়, পরিস্থিতি সামাল দিতে তিনি ইচ্ছাকৃতভাবে সংযম দেখিয়েছেন, কারণ সংঘাত হলে হাদির চিকিৎসা ঝুঁকিতে পড়ত।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তিনি পাঁচ দশকের বেশি সময় ধরে ঢাকার রাজনীতিতে সক্রিয় থাকলেও কখনো সহিংসতায় জড়াননি। নির্বাচনকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রমূলক রাজনীতি বরাবরই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কৌশল বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ ও অঙ্গসংগঠনের নেতারা। কর্মসূচি শেষে নয়াপল্টন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর ও ফকিরাপুল ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










