টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা: ডিএমপি

নিজস্ব প্রতিবেদন
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা টাকার চুরি নিয়ে বিরোধের জেরেই হত্যা করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম জানান, হত্যার আগের দিন আয়েশা বাসা থেকে দুই হাজার টাকা চুরি করে। বিষয়টি বুঝতে পেরে গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে শাসন করলে উত্তেজনা বাড়ে। পরে চুরির ঘটনা পুলিশে জানানো হতে পারে—এমন আশঙ্কা থেকে আয়েশা মা ও মেয়েকে হত্যা করে।
হত্যার পর আয়েশা ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে নাফিসার স্কুলড্রেস পড়ে বাসা থেকে বের হয়। পুলিশ আরও জানায়, নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিল সে। ঘটনার পর স্বামী রাব্বীকেও বিষয়টি জানায় আয়েশা, এবং রাব্বী তাকে পালাতে সহায়তা করে।
গত সোমবার শাহজাহান রোডের একটি ফ্ল্যাট থেকে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে নাফিসার পোশাকে ব্যাগ হাতে ভবন থেকে বেরিয়ে যায় আয়েশা। ঘটনার পর নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে এবং বুধবার ঝালকাঠি থেকে আয়েশাকে গ্রেপ্তার করে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










