আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন—চলতি সপ্তাহেই তফসিল প্রকাশ করা হবে, আর বৃহস্পতিবারই সপ্তাহের শেষ কর্মদিবস।
আজ সকালে সিইসি ও চার কমিশনার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন। এরও আগে ৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনে কমিশনের অগ্রগতি তুলে ধরেন সিইসি।
ইসি জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্য নিয়ে সব কাজ এগোচ্ছে। যেহেতু একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, তাই ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










