ক্ষমা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘদিন আগের একটি ঘটনার জন্য ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি অতীতের সেই ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেন।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বৈঠকে তারেক রহমান বলেন, “এখানে একজনকে দেখতে চাই। বিষয়টি একান্ত ব্যক্তিগত হলেও উপস্থিত সবার সামনে বলছি। আম্মার (খালেদা জিয়া) সময় যখন রুমি সাহেব ডিজিএফআইয়ে দায়িত্বে ছিলেন, তখনকার একটি ঘটনার কথা আজ বলতে চাই।” উত্তরে উপস্থিত সারি থেকে সাদিক হাসান রুমি জানান, “জি, আমি আছি।”
তারেক রহমান স্মৃতিচারণ করে বলেন, “পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত একটি বড় মিছিল হয়েছিল। আম্মা ও আমি দুজনই পুরো পথ হেঁটে ছিলাম। প্রচণ্ড ভিড়ের মাঝে আপনি আমাকে কিছু বলেছিলেন, আর আমি তখন উত্তেজিত হয়ে রূঢ় আচরণ করেছিলাম। সেই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বহুবার আপনার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। আজ সুযোগ পেয়েছি, তাই আপনার কাছে ক্ষমা চাইছি—আই অ্যাম রিয়েলি সরি।”
তার উত্তরে মেজর জেনারেল (অব.) রুমি বলেন, “আপনার এই কথায় আমি কৃতজ্ঞ। ধন্যবাদ, আমি বিষয়টি মনে রাখব।”
পূর্বনির্ধারিত এই সভায় মোট ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










