বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশের পুনর্গঠনের একটি বিরল সুযোগ এনে দিয়েছে, এবং এই সুযোগ কাজে লাগাতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার প্রয়াত স্ত্রীর গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দেশ গঠন, সমাজ পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অধ্যাপক মাহবুব উল্লাহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির প্রণীত ৩১ দফার নীতিমালায় এই শিক্ষকের পরামর্শ ও ধারণা বিশেষ অবদান রেখেছে।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।