আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন সিইসি। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ নির্বাচনী প্রক্রিয়ার প্রচলিত রীতি—তবে এবার সিইসি তার সচিবকে সঙ্গে নিয়ে একাই সাক্ষাতে যান।

অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে বুধবার সাক্ষাৎ শেষে সেই সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহযোগিতা করার আহ্বান জানাবেন সিইসি।

এর আগে সকালে নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে আলোচনা করেন সিইসি নাসির উদ্দিন।