আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণার ভাষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায়, অথবা সর্বোচ্চ পরদিন বৃহস্পতিবার, তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সহযোগিতার আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী কমিশন আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। এর আগে প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে প্রধান বিচারপতির সাথেও সাক্ষাৎ করেছেন সিইসি নাসির উদ্দিন।
ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গেও পুরো কমিশন নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছে। একইসাথে আরপিও সংশোধনের পর গেজেটও প্রকাশ করা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে— পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন না থাকলে সেই ভোট গণনা হবে না, এবং একাধিক প্রতীকে চিহ্ন থাকলেও ভোটটি বাতিল হিসেবে গণ্য হবে।
সব মিলিয়ে, নির্বাচনের প্রস্তুতি পূর্ণতা পেয়েছে এবং তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা এখন শুধু সময়ের অপেক্ষা।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










