শাহবাগ অবরোধে ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছে পাঁচ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীরা। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল–ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলবে—এই অভিযোগে রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ শুরু করে। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকালে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা আলাদা আলাদা মিছিল করে স্কুলিং মডেল বাতিল ও এইচএসসির স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানায়। পরে তারা একত্রিত হয়ে শাহবাগে অবস্থান নেয়। ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, স্কুলিং মডেল চালু হলে সরকারি পাঁচ কলেজে এইচএসসি বিভাগ উঠে যাবে, তাই আন্দোলন অনিবার্য।
এদিকে সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতেও শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। তাদের অভিযোগ—খসড়া অধ্যাদেশ প্রকাশ হলেও দীর্ঘদিন ধরে কার্যক্রমে কোনো অগ্রগতি নেই, ফলে দেড় লাখ শিক্ষার্থীর অনিশ্চয়তা বেড়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সাত কলেজকে একীভূত করে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










