খালেদা জিয়ার জন্য প্রস্তুত লন্ডন ব্রিজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী চিকিৎসক ডা. জুবাইদা রহমান। চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতাল।
বাংলাদেশে এসে খালেদা জিয়ার অবস্থার মূল্যায়ন করা আন্তর্জাতিক আইসিইউ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রিচার্ড বিয়েল যুক্তরাজ্যে এই হাসপাতালেই কর্মরত। তাঁর পরামর্শেই হাসপাতালটি চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত থাকায় তিনিই পুরো পরিকল্পনার কেন্দ্রীয় দায়িত্বে আছেন।
আধুনিক সুবিধা ও আন্তর্জাতিক রোগীসেবা সক্ষমতার জন্য লন্ডন ব্রিজ হাসপাতাল যুক্তরাজ্যের শীর্ষ বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর একটি। এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) থেকে ‘অসাধারণ’ রেটিং পাওয়া বিরল প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। টেমসের দক্ষিণ তীরে অবস্থিত এই হাসপাতাল বহুরোগী জটিল সেবায় দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে।
এ হাসপাতালের লেভেল-৩ আইসিইউকে দেশের বেসরকারি খাতের সবচেয়ে শক্তিশালী ইউনিটগুলোর একটি হিসেবে ধরা হয়। এখানে ২৪ ঘণ্টা অন-সাইট বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকেন এবং বহু অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য উন্নত লাইফ-সাপোর্ট সুবিধা ব্যবহার করা হয়। ভেন্টিলেশন, উচ্চমানের পর্যবেক্ষণ প্রযুক্তি এবং সার্বক্ষণিক আইসিইউ যত্নের সমন্বয়ে এটি আন্তর্জাতিক রোগীদের নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে পরিচিত।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










