শিক্ষক নেতাকে ৪০০ মাইল দূরে বদলি, বললেন জেলে যেতেও প্রস্তুত

নিজস্ব প্রতিবেদন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক বদলি আদেশকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও ময়মনসিংহের ফুলপুরের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। ৪ ডিসেম্বর জারি হওয়া বিজ্ঞপ্তিতে সারাদেশের ৪২ জন শিক্ষকের সঙ্গে তাকেও বদলি করা হয়েছে, যেখানে নতুন কর্মস্থল হিসেবে নির্ধারিত হয়েছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়—যা তার বর্তমান অবস্থান থেকে প্রায় ৪০০ মাইল দূরে।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় ফেসবুক লাইভে তিনি জানান, দূরবর্তী স্থানে বদলি তাকে বিচলিত করেনি, বরং তিন দফা দাবির আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেক শিক্ষকের বিরুদ্ধেই এ ধরনের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, “আরও অনেককে বদলি করা হতে পারে এবং আন্দোলনকে থামাতে চাইলে প্রয়োজন হলে জেলেও যেতে প্রস্তুত আছি।”
ফুলপুরে চলমান আন্দোলনের কারণে স্থগিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। অভিভাবকদের অনুরোধ ও পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পরীক্ষার কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দেন ইউএনও।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










