এনসিপি নেতা সারজিসকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার একাংশ নেতা সারজিস আলমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে সংগঠনের একদল সাবেক কার্যকরী সদস্য। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে জেলা কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ২৯ নভেম্বর কেন্দ্রীয় কমিটি সাইফুল ইসলামকে আহ্বায়ক করার পর থেকেই তার বিরুদ্ধে ‘আওয়ামী দোসর’ হওয়ার অভিযোগ তোলে দলীয় একটি অংশ।
মোতালেবের দাবি, সাইফুল ইসলামকে দলে ভিড়িয়েছেন বিভাগীয় সংগঠক ইমরান ইমন, যিনি সারজিস আলমের ঘনিষ্ঠ। অভিযোগ উঠলেও সারজিস আলম কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনিও দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
এ কারণে রাজশাহী জেলা থেকে সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে বলে জানান মোতালেব। একই সঙ্গে সতর্ক করে বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পুরো এনসিপিকেই রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










