খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কি না—এ সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক অগ্রগতির ওপর। এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় পৌঁছবে এয়ার অ্যাম্বুলেন্স।
খালেদা জিয়া টানা ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। পাকস্থলির জটিলতার কারণে বৃহস্পতিবার তার এন্ডোস্কোপি করা হয়। প্রক্রিয়ার শুরুতে সামান্য রক্তক্ষরণ হলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার সার্বিক শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে তাকে বিদেশে নিতে প্রস্তুতি তদারক করতে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার দিনে দুই বার হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সর্বশেষ পরিস্থিতি জানেন।
খালেদা জিয়ার বিদেশ যাত্রার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও রক্ষণাবেক্ষণজনিত সমস্যায় সেটি বিলম্বিত হয়েছে। বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে, যা তিবলিসি হয়ে ঢাকায় আসবে।
গত জানুয়ারিতে খালেদা জিয়া চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে গিয়েছিলেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










