হাসিনাকে দেশে ফেরানোর নতুন ষড়যন্ত্র চলছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদন
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে ১/১১-এর মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে ফেরানোর প্রেক্ষাপট তৈরি করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে। তবে তার দাবি, ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবেই ঠেকানো যাবে না।
শুক্রবার ঝিনাইদহের হরিণাকুণ্ডুর মানদিয়া বাজারে পথসভা শেষে তিনি বলেন, মামলা বা সাংগঠনিক চাপ দিয়ে নির্বাচন পেছানোর সুযোগ কাউকে দেওয়া হবে না এবং সরকার নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে দলের প্রেস সচিবের মন্তব্যের জবাবে রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকার হলেও তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করছে না—এটি জনগণ মেনে নেবে না। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানান, শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলের অপরাধও বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ২০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং তিনি নিজে ঝিনাইদহ-২ আসনে প্রচারণা চালাচ্ছেন। বিএনপির সঙ্গে ২০২২ সাল থেকে চলমান যৌথ আন্দোলন তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোটে রূপ নেবে।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










