উৎসুক জনতার ভিড় কম এভারকেয়ারে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে যে উপচে পড়া ভিড় ছিল, শনিবার (৬ ডিসেম্বর) সকালে তা অনেকটাই কমে এসেছে। ভিড় কম থাকায় হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে আর কোনো বিঘ্ন ঘটছে না—স্বস্তি ফিরে এসেছে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে।
হাসপাতাল প্রাঙ্গণে আগের মতো সাধারণ জনতার সমাগম না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পেশাগত কারণে সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিই এখন প্রধানত চোখে পড়ছে। বিএনপির পক্ষ থেকেও সমর্থকদের ভিড় না করার অনুরোধ জানানো হয়েছিল।
গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হলে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে ৫ ডিসেম্বর লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়; সর্বশেষ তথ্য অনুযায়ী সময়সূচি আরও পিছোতে পারে।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










