রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ২৮ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং মেজর মো. রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তায় তাদের আদালতে আনা হয়।

এর আগে ২৪ নভেম্বর ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে মামলার শুনানি সম্পন্ন হয়। একই বেঞ্চে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মোহিতুল হক এনাম চৌধুরীও দায়িত্ব পালন করছেন।

গত ৮ অক্টোবর রামপুরায় আন্দোলন চলাকালে ২৮ জনকে হত্যার অভিযোগে রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার অন্য তিন আসামি হলেন—বিজিবি কর্মকর্তা মেজর রাফাত বিন আলম মুন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান।

অভিযোগপত্র অনুযায়ী, জুলাই-আগস্টে চলমান আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২৮ জন প্রাণ হারান। তদন্ত প্রতিবেদনে রেদোয়ানুলকে সরাসরি গুলি চালাতে এবং অন্য আসামিদের ঘটনাস্থলে নেতৃত্ব দিতে দেখা যাওয়ায় ট্রাইব্যুনালে এই মামলা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।