কেন ইউনিফর্ম বানিয়েছিলেন সোহেল তাজ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে ঘিরে নতুন তথ্য উঠে এসেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। এতদিন তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকা ও কোনো সম্পৃক্ততা অস্বীকার করলেও দুই গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি ভিন্ন চিত্র তুলে ধরেছে।
প্রতিবেদনের ‘কয়েদি সাক্ষী ৮’-এর অংশে হাবিলদার জসিম উদ্দিন ও দর্জি আছিফুর রহমান আকাশ জানান, হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ আগে, ১৭ ফেব্রুয়ারি ২০০৯-এ সোহেল তাজের জন্য বিশেষভাবে বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়।
হাবিলদার জসিম জানান, ইউনিফর্ম তৈরির নির্দেশ ছিল সরাসরি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিক থেকে। অপরদিকে সদর দপ্তরের দর্জি আকাশ বলেন, ওই দিন তিনি মেজর মোস্তাকের নির্দেশে সোহেল তাজের অফিসে যান এবং ডিএডি তৌহিদের উপস্থিতিতে তার শরীরের মাপ নেন। কয়েকদিন পর তৈরি ইউনিফর্মটি তিনি অফিসে পৌঁছে দেন। ইউনিফর্মে কোনো র্যাংক ছিল না, তবে 'ডিপ সাইন' যুক্ত ছিল।
আকাশ আরও জানান, একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব ব্যবহারের জন্য বিডিআর ইউনিফর্ম বানাচ্ছেন—এ তথ্য ফাঁস হলে অফিসারদের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়। অনেকে কৌতূহলবশত ইউনিফর্মটি দেখেন, যার মধ্যে শহীদ কর্নেল আনিস ও মেজর হুমায়ুনও ছিলেন।
এই নতুন তথ্য সোহেল তাজের পূর্বের দাবি—যে তিনি দেশে ছিলেন না এবং ঘটনার সঙ্গে তার সম্পর্ক নেই—সে ব্যাখ্যাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










