‘খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা’

নিজস্ব প্রতিবেদন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য দায়ী শেখ হাসিনা। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, খালেদা জিয়া দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি, তাই আজও মানুষের আস্থা তার প্রতি অটুট। তিনি স্মরণ করিয়ে দেন—১৯৯৬ সালে রাজনৈতিক সহিংসতা থামাতে তৎকালীন সরকার গঠন করে তত্ত্বাবধায়ক পদ্ধতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন খালেদা জিয়া; অথচ পরবর্তীতে যারা দেশে অস্থিরতা সৃষ্টি করে একই দাবি তুলেছিল, ক্ষমতায় এসে তারাই ব্যবস্থা বাতিল করে।
তার অভিযোগ, শেখ হাসিনা জনগণের মতামত উপেক্ষা করে নিজের পছন্দসইভাবে দেশ পরিচালনা করেছেন এবং অতীতে সহিংসতা উসকে দিয়েই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন। রিজভীর দাবি—খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্যও দায় সেখানেই।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনদুর্ভোগ যেন না বাড়ে—সেদিকে নজর রেখে জনগণের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










