বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় তার বিদেশে নেওয়ার উপযোগিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পরিস্থিতি একই থাকলে তারেক রহমান খুব শিগগির দেশে ফিরতে পারেন বলে তাদের আশা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে যুবদলের আয়োজিত দোয়া মাহফিলে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে পুরো দলই উদ্বিগ্ন। এ সময় দেশবাসীর দোয়াই তাদের প্রেরণা যোগাচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংকটপূর্ণ অবস্থার মধ্যেও খালেদা জিয়া চিকিৎসা সাড়া দিচ্ছেন—এটিই আশাব্যঞ্জক। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার তাঁকে কারাগারে পাঠিয়েছিল, আর সময়মতো যথাযথ চিকিৎসা হলে বর্তমান পরিস্থিতি এতো জটিল হতো না।