খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত থেকেও চিকিৎসা সহায়তার আগ্রহ এসেছে।
ডা. জাহিদ জানান, মেডিকেল বোর্ড যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞদের সঙ্গে রোগীর বর্তমান অবস্থা মূল্যায়ন করবে। যদি বোর্ড মনে করে বিদেশে নেওয়া প্রয়োজন এবং রোগী স্থানান্তরযোগ্য হন, তখনই সিদ্ধান্ত দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন—এই মুহূর্তে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই; চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত পুরোপুরি বোর্ডের পরামর্শনির্ভর।
২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং ভর্তি করা হয়। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










