বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে স্থিতিশীল আছেন এবং তাকে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে গণমাধ্যমে ছড়ানো বিভিন্ন ‘ভুল ও বিভ্রান্তিকর’ তথ্য থেকে বিরত থাকার অনুরোধ করেন। মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল।


বিশেষজ্ঞ চিকিৎসকের দল নিয়মিতভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন জায়গায় যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই।” একই সঙ্গে তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।


এভারকেয়ার হাসপাতালের আইসিইউতেই তার চিকিৎসা চলছে বলে নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “হাসপাতালে আগের মতোই চিকিৎসা হচ্ছে। কারো কথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।”


রিজভী আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল সার্বক্ষণিক খালেদা জিয়ার যত্নে নিয়োজিত আছেন এবং নিয়মিত তাদের কাছ থেকে আপডেট নেওয়া হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার পরবর্তী তথ্য সময়মতো আনুষ্ঠানিকভাবে জানানো হবে।