রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। একই মামলায় তার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড ও সমপরিমাণ জরিমানা দেওয়া হয়।

এছাড়া সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী শরিফ আহমেদসহ আরও ১৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করে বলেন—শেখ হাসিনা আবাসন নীতিমালা লঙ্ঘন করেছেন এবং রেহানাকে প্লট পেতে প্রভাব খাটানো হয়েছে; যা স্পষ্ট “ক্রিমিনাল মিসকনডাক্ট”। বিচারক দুর্নীতির বিরুদ্ধে সবাইকে দৃঢ় থাকার আহ্বান জানান।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিনের করা মামলায় প্রথমে ১৫ জনকে এবং পরবর্তী তদন্তে আরও ২ জনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আসামিদের মধ্যে খুরশীদ আলম ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।