তারেক রহমান ভোটার হননি, তবে কমিশন চাইলে নির্বাচন করতে পারবেন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো জাতীয় ভোটার তালিকায় যুক্ত হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
তবে তিনি বলেন, কমিশন চাইলে বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে যেকোনো সময় তাকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা এবং নির্বাচন করার সুযোগ করে দিতে পারে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, “আমার জানা অনুযায়ী তিনি (তারেক রহমান) ভোটার নন।
কমিশন ইচ্ছা করলে তাকে নিবন্ধিত করতে পারে। আইন সে ক্ষমতা দেয়।” সাধারণ নিয়মে ৩১ অক্টোবরের পর নতুন করে কেউ ভোটার হতে পারেন না। কিন্তু সচিব মনে করিয়ে দেন, ভোটার তালিকা আইনে বিশেষ প্রক্রিয়ায় যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় তালিকাভুক্ত করার বিধান রয়েছে।
তিনি আরও জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের নাম তালিকায় যুক্ত হয়েছে, শুধু তারাই আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটার তালিকার সাতটি তথ্য নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, ছবি ইত্যাদি এখন আর সংশোধনযোগ্য নয়। তবে মোবাইল নম্বরের মতো কিছু তথ্য পরিবর্তন করা যাবে।
প্রবাসীদের বিষয়ে সচিব জানান, তাদের ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এবার সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে এবং চূড়ান্ত তালিকা অনুযায়ী ব্যালট ও প্রয়োজনীয় সামগ্রী মুদ্রণের প্রস্তুতি চলছে।

অফিস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










