বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি জানান, খালেদা জিয়া এখনো বিমান ভ্রমণের উপযোগী অবস্থায় নেই।

শনিবার সকালে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মান্না। তিনি জানান, চিকিৎসকরা এখনো কোনো ইতিবাচক অগ্রগতির কথা বলতে পারেননি, বরং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকালের মতোই পরিস্থিতি সংকটাপন্ন হলেও অতিরিক্ত অবনতি হয়নি।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছেন। শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং হৃদ্‌যন্ত্রের জটিলতা বাড়ায় ২৩ নভেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এক বিবৃতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশি-বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতা নিয়ে চিকিৎসা দিচ্ছেন। বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।