বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এভারকেয়ার হাসপাতালে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা–সংক্রান্ত প্রতিটি বিষয়ে নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী চিকিৎসক জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জুবাইদা রহমান।

ইনফেকশনের ঝুঁকির কারণে সিসিইউতে কাউকে ঢুকতে না দিলেও প্রতিদিন অসংখ্য নেতাকর্মী হাসপাতালে এসে দূর থেকে খোঁজখবর নিচ্ছেন বলে জানান মাহাদী আমীন।

তিনি আরও বলেন, সামান্য শারীরিক উন্নতি হলেই লন্ডনে নেওয়ার কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে এবং একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনার কাজও চলছে।

মাহাদী আমীন আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থায় বেগম খালেদা জিয়া শিগগির সুস্থ হয়ে জনগণকে আবারও নেতৃত্ব ও অনুপ্রেরণা দিতে সক্ষম হবেন।